সার্বিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিজয় অর্জন করেছে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন দল। রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত ভোটের পর আনুষ্ঠানিক ফলাফল পুরোপুরি প্রকাশের আগেই নিজের পরাজয় ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ। টেলিভিশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “এটা স্পষ্ট যে আমরা এই নির্বাচনে হেরে গেছি। শিক্ষার্থীদের বাছাই করা প্রার্থীরা জয়ী হয়েছে।” এই পরাজয়ের মধ্য দিয়ে ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে সার্বিয়ার রাজনীতিতে ভুসিচের বজায় রাখা কর্তৃত্বের অবসান ঘটল।
প্রাথমিক হিসাবের বরাতে ভুসিচ উল্লেখ করেন, দেশটির পার্লামেন্টের ২৫০টি আসনের মধ্যে শিক্ষার্থীদের জোট ‘স্টুডেন্ট লিস্ট’ পেতে পারে ১৩৫ থেকে ১৪০টি আসন। অপরদিকে তার দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) ১০৫টি আসনে জয়ী হতে পারে। প্রায় ৬০ লাখ বাসিন্দার সার্বিয়ায় তরুণদের এই উত্থানকে ইউরোপের প্রেক্ষাপটে বড় রাজনৈতিক পরিবর্তন বলে মনে করা হচ্ছে। গত এপ্রিলে হাঙ্গেরিতে ভিক্টর অরবানের হারের সঙ্গে যেমন এর সাদৃশ্য দেখা হচ্ছে, তেমনি শিক্ষার মান ও উজ্জ্বল ভবিষ্যতের দাবিতে ইউরোপের অন্য দেশগুলোতে চলা শিক্ষার্থী আন্দোলনগুলোর সামনেও এটি উদাহরণ হতে পারে।
পরাজয় মেনে নেওয়ার খবর আসতেই রাজধানী বেলগ্রেডের প্রধান সড়কগুলোতে নেমে আসেন হাজার হাজার মানুষ। গাড়ির হর্ন বাজিয়ে, নেচে এবং শিক্ষার্থীদের জয়ের পক্ষে স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করতে থাকেন তারা। শিক্ষার্থীদের সদর কার্যালয়ে বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাদোমির সাজচিচ বলেন, “প্রিয় সার্বিয়া, আজ রাতে জনগণের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। আজ রাতে আমরা বিজয় উদ্যাপন করছি, আগামীকাল থেকে ভবিষ্যৎ গড়ব।” শিক্ষার্থীদের এই সফলতায় অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ও সম্প্রসারণবিষয়ক কমিশনার মার্তা কোস। এক্সে দেওয়া বার্তায় ভন ডার লেন জানান, সার্বিয়ার ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার লক্ষ্য এগিয়ে নিতে তারা একসঙ্গে কাজ করতে প্রস্তুত।
২০২৪ সালে সার্বিয়ার নোভি সাদ শহরে রেলস্টেশনের একটি ছাউনি ভেঙে ১৬ জনের প্রাণহানির পর সেখানে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। সেই ঘটনার পর থেকে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বে প্রায় দুই বছর ধরে বিক্ষোভ চলতে থাকে। আন্দোলনের একপর্যায়ে গত সেপ্টেম্বরে আগাম নির্বাচনের ডাক দিতে বাধ্য হয়েছিলেন ভুসিচ।








