নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতের ২২ ক্যাটাগরির স্থায়ী পদে মোট ৩৯৩ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সবচেয়ে বেশি নিয়োগ হবে নিরাপত্তারক্ষী পদে, ১০২ জন। এ ছাড়া নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৮০ জন, খালাসি পদে ৬০ জন, লস্কর পদে ৫৫ জন, গ্রিজার পদে ২০ জন, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অডিটর পদে ২০ জন এবং ভান্ডারি পদে ১৯ জন নেওয়া হবে।
পদ ও গ্রেড অনুযায়ী বেতনস্কেল ২০ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত। ৮ ডিসেম্বর ২০২৬ তারিখে অধিকাংশ পদে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে প্রথম শ্রেণির ইঞ্জিনচালক পদে ৪০ বছর এবং দ্বিতীয় শ্রেণির ইঞ্জিনচালক পদে ৩৫ বছর পর্যন্ত বয়সসীমা শিথিলযোগ্য।
সহকারী সাব ইন্সপেক্টর ও নিরাপত্তারক্ষী পদে নির্ধারিত শারীরিক যোগ্যতা থাকতে হবে এবং সাঁতার জানা বাধ্যতামূলক। পদভেদে আবেদন ফি ৫০ থেকে ২০০ টাকা, যা অনলাইনে পরিশোধ করতে হবে।
অনলাইনে আবেদন শুরু হয়েছে ৮ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমার শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬ রাত ১২টা এবং ফি জমার শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৬। আবেদনের আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে পদের যোগ্যতা ও শর্ত যাচাই করে নিতে বলা হয়েছে।
আবেদনের ওয়েবসাইট: cpadigital.gov.bd:5302






