ঢাকা-সাভারের আশপাশ ও গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি নিয়ে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন। এই আন্দোলনের জেরে দুই জেলায় অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও দুপুরের পরে সাভারে অবস্থা অস্থিতিশীল হয়ে ওঠে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, সাভারে অন্তত অর্ধশতাধিক কারখানায় ছুটি নেওয়া হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনার পাশাপাশি বিক্ষোভের কারণে উপজেলার অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে; বিভিন্ন এলাকাত অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।