ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলা চালিয়ে ১৬৮ শিশুকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে খুঁজে বের করার হুমকি দিয়েছে তেহরান। এটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রকাশ করেছে।

দূতাবাসটি আট মাস আগে দেওয়া নিজেদের একটি পুরোনো পোস্ট পুনরায় শেয়ার করে চার শব্দের বার্তায় বলেছে, ‘আমরা তোমাদের খুঁজে বের করব।’ এতে দুই মার্কিন কর্মকর্তাকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করা হয়—যারা হলো– ইউএসএস স্প্রুয়েন্স যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার কমান্ডার লেই আর টেট এবং জাহাজটির নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জেফরি ই ইয়র্ক।

গত ২৯ মার্চ দেওয়া ওই পোস্টে বলা হয়েছিল, ‘এই দুই অপরাধীকে মনে রাখুন। ইউএসএস স্প্রুয়েন্সের কমান্ডার লেই আর টেট এবং নির্বাহী কর্মকর্তা জেফরি ই ইয়র্ক, যারা তিন দফায় টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। এতে মিনাবের একটি স্কুলে ১৬৮ নিরপরাধ শিশু নিহত হয়।’ পোস্টে আরও বলা হয়, ‘তাদের কি নিজেদের সন্তান নেই?’ এভাবেই শিশুদের হত্যার জন্য প্রকাশ্যে ওই দুই কর্মকর্তাকে দায়ী করে ইরানি দূতাবাস।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ স্কুলে অন্তত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে; এতে ১২৩ শিশুুসহ অন্তত ১৫৬ জন নিহত হন। ২০২৬ সালের এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ আবদুল মাজিদ হাকিম ইলাহি এ ঘটনার কথা বলেন এবং দাবি করেন, ওয়াশিংটন ক্ষেপণাস্ত্র হামলার জন্য ক্ষমা চায়নি।

তিনি বলেন, ‘তারা ইরানে হামলা চালিয়েছে। ২৮ ফেব্রুয়ারি তারা একটি প্রাথমিক বিদ্যালয়ে দুইবার হামলা চালিয়ে ১৬৮ নিরপরাধ মানুষকে হত্যা করেছে।’