বাজেট ২০২৭-এর অংশ হিসেবে মালয়েশিয়ায় সর্বনিম্ন বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সরকারের এই সিদ্ধান্তের ফলে সেখানে কর্মরত বিপুলসংখ্যক বিদেশি ব্যক্তিসহ প্রায় ৪০ লাখ কর্মী সরাসরি উপকৃত হবেন। তবে ছোট ও মাঝারি ব্যবসার আর্থিক ভারসাম্য বজায় রাখতে যেসব প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় ৫০ মিলিয়ন রিঙ্গিতের নিচে, সেগুলোকে আপাতত এই নিয়মের বাইরে রাখা হয়েছে।

নতুন এই বেতন কাঠামো ও নীতিমালা ২০২৭ সালের জুন মাস থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এ লক্ষ্যে গ্র্যাজুয়েট ও আধা-দক্ষ কর্মীদের শুরুর বেতন সুনির্দিষ্ট করতে বিশেষ নির্দেশিকা তৈরি করছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (১৬ অক্টোবর) মানবসম্পদ মন্ত্রী আর. রামানন জানান, ‘মালয়েশিয়ান স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অব অকুপেশনস’ (এমএএসসিও)-এর ওপর ভিত্তি করে বিভিন্ন পেশা এবং শিক্ষাগত যোগ্যতার ধাপ অনুযায়ী উপযুক্ত মূল বেতনের স্পষ্ট রূপরেখা তৈরি করা হচ্ছে।

প্রস্তাবিত নীতিমালায় স্থানীয় কর্মীদের পাশাপাশি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আধা-দক্ষ ও কারিগরি কর্মীদের বেতন সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এমএএসসিও’র নির্দেশিকা মেনে আধা-দক্ষ কর্মী এবং লেভেল ১ ও ২ কারিগরি সনদধারীদের দক্ষতার ভিত্তিতে ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে, যা সাধারণ শ্রমিক থেকে শুরু করে কারিগরি খাতের বিদেশি কর্মীদেরও আয়ের সুরক্ষা দেবে।

বেতন নিয়ে অনিয়ম ঠেকাতে এবং শ্রম আইনের কঠোর বাস্তবায়নে মন্ত্রণালয় একটি বিশেষ ‘ই-ওয়েজ’ মডিউল চালুর পরিকল্পনা হাতে নিয়েছে। এই ডিজিটাল কাঠামোর মাধ্যমে স্থানীয় ও বিদেশি সব শ্রমিকের সঠিক হারে এবং সময়মতো বেতন প্রাপ্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভবিষ্যতে ন্যূনতম মজুরি প্রদান বাধ্যতামূলক করতে ‘জাতীয় বেতন পরামর্শক পরিষদ আইন ২০১১’ সংশোধনের উদ্যোগও চলছে।