কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় বিদেশি নাগরিকদের ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা ঠেকাতে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়ার রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট (জেপিজে) এবং দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে এ অভিযান চালানো হয়। সেখানে ড্রাইভিং লাইসেন্স না থাকা, যানবাহনের মেয়াদোত্তীর্ণ রোড ট্যাক্স এবং ইনস্যুরেন্স কভারেজ না থাকার মতো গুরুতর নানা অপরাধ শনাক্ত করা হয়। এ সময় প্রয়োজনীয় নথিপত্র ও লাইসেন্স না থাকায় বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এক বাংলাদেশি কর্মচারীকে আটক করা হলে সেখানে অনাকাঙ্ক্ষিত উত্তেজনার সৃষ্টি হয়। ওই কর্মীকে মুক্ত করতে একজন মালয়েশীয় নারীকে সঙ্গে নিয়ে উপস্থিত হন এক বাংলাদেশি ব্যবসায়ী। উপস্থিত কর্মকর্তাদের কাছে ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, তিনি আটক ব্যক্তির বস এবং ওই কর্মচারীর বৈধ পারমিট রয়েছে। গাড়ি সার্ভিসিংয়ের উদ্দেশ্যে কেবল কার ওয়াশে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে উল্লেখ করে কর্মীসহ যানটি ছেড়ে দেওয়ার জোর দাবি জানান তিনি।

তবে তল্লাশিকারী কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেন যে আটক কর্মীর কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। নথিপত্র সংক্রান্ত আইনি বাধ্যবাধকতার মুখে তাদের দাবি নাকচ করা হলে অসন্তোষ নিয়ে ব্যবসায়ীকে ঘটনাস্থল ত্যাগ করতে হয়। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।