অস্কার মনোনীত জনপ্রিয় হলিউড অভিনেত্রী বারবারা ব্যারি আর নেই। স্থানীয় সময় ২৮ অক্টোবর ম্যানহাটটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি টার্মিনাল ক্যান্সার এবং ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন। ই! নিউজকে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রীর প্রতিনিধি এবং তাঁর মেয়ে জেন হার্নিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়েছে, নিউ ইয়র্ক স্টেটের ‘মেডিকেল এইড ইন ডাইং’ আইনে চিকিৎসকের সহায়তায় স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছিলেন এই অভিনেত্রী। তিনি নিজে দীর্ঘদিন ধরে এ আইনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন।
বারবারা ব্যারি ১৯৩১ সালের ২৩ মে শিকাগোতে জন্মগ্রহণ করেন। এরপর পরিবারের সাথে টেক্সাসের কর্পাস ক্রিস্টিতে চলে আসেন তিনি, ১৯৫২ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় স্নাতক করে নিউ ইয়র্কে স্থায়ী হন এবং মঞ্চনাটকে কাজ শুরু করেন। প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে থিয়েটার ও রূপালি পর্দায় কাজ করছেন তিনি।
ব্যারি ১৯৭৯ সালের বিখ্যাত সিনেমা ‘ব্রেকিং অ্যাওয়ে’-এ অসাধারণ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কারের মনোনয়ন পান। এছাড়া ১৯৭০ সালের আলোচিত মিউজিক্যাল কোম্পানির জন্য তিনি সম্মানজনক টনি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান। টেলিভিশনের পর্দাতেও তিনি ছিলেন সমান সফল; দ্য ফিউজিটিভ, দ্য মেরি টাইলার মুর শো, ফ্যামিলি টাইস, থার্টি সামথিং, পুশিং ডেইজিস এবং নার্স জ্যাকি-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে একাধিকবার এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন অর্জন করেন তিনি।








