ইসরাইলের সাধারণ নির্বাচনের মাত্র দুই দিন আগে তেল আবিব শহরে পারমাণবিক হামলার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২৫ অক্টোবর) দেওয়া ওই পোস্টে তিনি ভোটারদের সতর্ক করে উল্লেখ করেন, তাঁকে ছাড়া অন্য কাউকে নির্বাচিত করলে ইসরাইল ‘দ্বিতীয় হলোকাস্ট’ বা দ্বিতীয় মহাবিধ্বংসের ঝুঁকির মুখে পড়তে পারে। পাশাপাশি ইরানের ‘অস্তিত্বগত হুমকি’ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছরকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।

নেতানিয়াহুর পোস্ট করা ছবিটিতে একটি ঘনবসতিপূর্ণ শহরের ওপর মাশরুম আকৃতির বিশাল ধোঁয়ার কুণ্ডলী এবং বিস্ফোরণে একাধিক ভবনে আগুন জ্বলতে দেখা যায়। ছবির সঙ্গে ইসরাইলি লেখক ও রাজনৈতিক ভাষ্যকার ইউভাল ব্লুমবার্গের একটি বক্তব্য জুড়ে দেওয়া হয়। সেখানে বলা হয়, “ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ইরানকে মোকাবিলা করার জন্য ইসরাইলের সামনে একটি সীমিত সুযোগ রয়েছে। আমরা যদি এই ঐতিহাসিক সুযোগটি হাতছাড়া করি, তবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।” নেতানিয়াহু আরও বলেন, ইরানে অভিযান শেষ করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার এটাই সুযোগ, কারণ ট্রাম্পের পর কমলা হ্যারিস নাকি অন্য কেউ ক্ষমতায় আসবেন তা নিশ্চিত নয়।

প্রধানমন্ত্রীর এ ধরনের প্রচারণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর রাজনৈতিক বিরোধীরা। ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান বলেন, “ইসরাইলের প্রধানমন্ত্রী তেল আবিবের ওপর পারমাণবিক বোমার ছবি প্রকাশ করেছেন। আমি অনুরোধ করছি, তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা হোক। তিনি ও তাঁর আশপাশের লোকজন নিয়ন্ত্রণ হারিয়েছেন। চাপ বাড়ছে।” অন্যদিকে ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট সমালোচনা করে বলেন, “নেতানিয়াহুর আরেকটি ভীতি ছড়ানো ভিডিও। আপনি আতঙ্কিত। প্রতিটি নির্বাচনী প্রচারের মতো এবারও একই কৌশল—মিথ্যা ও ভয় দেখানো।”

আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরাইলের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বণ্টন হওয়া ১২০ সদস্যের সংসদে সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে কমপক্ষে ৬১টি আসন নিশ্চিত করতে হবে।