ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আরব-নেতৃত্বাধীন দলগুলো ১৯টি আসন পেলে দেশের ক্ষমতা ভাগাভাগির সমীকরণে তা বড় ভূমিকা রাখবে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা বিরোধী নেতা গাদি আইজেনকোট—কোনোটিই আরব দলগুলোর সমর্থন ছাড়া সহজে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না।

স্বাধীন সাংবাদিক ও দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি বইয়ের লেখক অ্যান্টনি লোয়েনস্টাইন বলেছেন, গত কয়েক বছরে আরব সম্প্রদায়গুলোর পরিস্থিতির অবনতি হওয়ায় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকেরা নির্বাচনে অংশ নিচ্ছেন।

লোয়েনস্টাইনের ভাষ্য, আরব অধ্যুষিত এলাকাগুলোতে অপরাধের হার ব্যাপকভাবে বেড়েছে এবং এই সমস্যা মোকাবিলায় ইসরায়েলি রাষ্ট্র কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলে বসবাসরত তাঁর ফিলিস্তিনি বন্ধুরা বর্তমান রাজনৈতিক বিকল্পগুলোকে খুব একটা ভালো মনে করেন না, তবে তাঁদের অনেকে নেতানিয়াহুর আরও চার বছরের শাসনের চেয়ে বিকল্প নেতৃত্বকে বেশি পছন্দ করছেন।

লোয়েনস্টাইন মনে করেন, আরব দলগুলোর সঙ্গে আইজেনকোটের জোট গঠনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে বড় প্রশ্ন হচ্ছে আইজেনকোট ও তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীরা সরকারে আরব দলগুলোর অংশগ্রহণ মেনে নেবেন কি না।

আইজেনকোট এখন পর্যন্ত আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন এবং তাঁর যুক্তি, দুই পক্ষের রাজনৈতিক মূল্যবোধে মৌলিক পার্থক্য রয়েছে। লোয়েনস্টাইন মনে করেন, এমন কোনো জোট সরকার গঠিত হলেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম; ফলে আরব দলগুলোর আসনসংখ্যা গুরুত্বপূর্ণ হলেও তাদের সমর্থন আদায় এবং স্থিতিশীল সরকার গঠন—দুটিই বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।