ভারতের অন্ধ্রপ্রদেশ ও পদুচেরির ইয়ানাম উপকূলে শুরু হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব। বুধবার (২৮ অক্টোবর) ভোরে স্থলভাগে আঘাত হানতে শুরু করা এ ঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে প্রবল দমকা হাওয়ার সঙ্গে চলছে ভারী বৃষ্টি। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার হলেও দমকা হাওয়ায় তা সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে।
সংস্থাটির ঘণ্টাভিত্তিক বুলেটিন অনুযায়ী, গত তিন ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় প্রায় ৩ কিলোমিটার গতিতে এগিয়েছে ঝড়টি। প্রাথমিকভাবে উত্তর-পশ্চিম দিকে ধীরগতিতে অগ্রসর হলেও পরে এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে সরতে পারে। স্থলভাগে ঝড়ের আঘাত হানার পুরো প্রক্রিয়াটি আরও তিন ঘণ্টা ধরে চলতে পারে। আগের পূর্বাভাসে বুধবার ভোর ২টা থেকে ৪টার মধ্যে আঘাতের কথা বলা হলেও গতি বেড়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ের আগেই উপকূলে পৌঁছায় ঝড়টি। অন্ধ্রপ্রদেশের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা এবং ইয়ানাম উপকূল দিয়ে অতিক্রম করার সময় অর্ণবের বাইরের সর্পিল বলয় ইতোমধ্যে ভূখণ্ডে প্রবেশ করেছে।
দুর্যোগ মোকাবিলায় ও ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানান, দুর্গতদের জন্য ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গর্ভবতী নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। মুখ্যমন্ত্রী আরও জানান, এ পর্যন্ত ২ হাজার ৩৬০ জন গর্ভবতী নারীকে চিকিৎসার সুবিধার্থে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।







