পটুয়াখালীর গলাচিপায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে জব্দ করা মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করার পর একাংশ ব্যক্তিগতভাবে নেওয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষকসহ দুজনকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে ধরা প্রায় ২৫ কেজি ইলিশসহ অন্যান্য মাছ জব্দ করা হয় এবং সেই মাছ রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট সংলগ্ন তিনটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
বিতরণের পর মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার বরাদ্দ মাছ প্রতিষ্ঠানটিতে না রেখে ব্যক্তিগত বাড়িতে নেয়া হয়েছে বলে গোপন সংবাদ পেয়ে রাত ৯টার দিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা তালাবদ্ধ পাওয়া যায়।
পরে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. আব্দুল্লাহ (২৭) ও স্থানীয় আবুল হোসেন (৫৫)কে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে আব্দুল্লাহ মাছ বাড়িতে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন এবং জিজ্ঞাসাবাদে জানান, তিনি ও আবুল হোসেন মাছ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। অভিযানে সংশ্লিষ্টরা জানিয়েছেন বাকি দুটি মাদ্রাসায় বিতরণ করা মাছ যথাযথভাবে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্ণিত ঘটনায় ভ্রাম্যমাণ আদালত আব্দুল্লাহ ও আবুল হোসেনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন।
গলাচিপার ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, “সরকারি সম্পদ হোক কিংবা জনকল্যাণে নিবেদিত কোনো সহায়তা—প্রতিটি ক্ষেত্রেই স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট কোনো উদ্যোগের অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উপজেলা প্রশাসন এ বিষয়ে সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকবে এবং অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”








