রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে জানান, “ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।” তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। এ ঘটনায় আহত ১০ থেকে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাস ও ট্রাক আটক করেছে পুলিশ। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।







