পাবনায় আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে হাটের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয়রা ইজারাদার ও তাঁর সহযোগীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হচ্ছেন পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তাঁর সহযোগী রিপন হোসেন (৫০)। তাদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে বলে জানা গেছে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'এখন পর্যন্ত আমাদের প্রাথমিক তথ্য মতে হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাদের উপর গুলি বর্ষণ করেছে।' আরো যোগ করেন, 'আমরা আরো তদন্ত করছি। কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের খুঁজে বের করা হবে।'








