দেশের শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোট ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, জিরাবো, হামিম গ্রুপ, কাঠগড়া, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি গাজীপুরের চন্দ্রা, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জের জালকুঁড়ি, বিসিক শিল্পনগরী, শিবু মার্কেট, কাঠেরপুল, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানান, সদর দফতরের মনিটরিং সেল থেকে মাঠ পর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয় করতে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হচ্ছে; ড্রোন, বডি-ওয়ার্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি স্থানীয় প্রশাসন ও পুলিশ সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে রয়েছে।








