দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানে মোট ৭০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন।

শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানের মধ্যে চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ (রৌমারী উপজেলা) থেকে ২৪ জন, নাগেশ্বরী মডেল কলেজ থেকে ১৫ জন, রাজারহাটের সিঙ্গার ডাবরিরহাট কলেজ থেকে ১০ জন এবং সিঙ্গার ডাবরিরহাট বি.এল. হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ছয় জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এ ছাড়া নাগেশ্বরীর কুটি পায়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন, ছিলাখানা মডেল কলেজ থেকে চারজন, উলিপুরের হজরত ফাতেমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন, চিলমারীর দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন এবং রাজারহাটের পাঙ্গারাণী লক্ষ্মী প্রিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নেন।

ফলাফলের তালিকায় দেখা যায়, এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।

এদিকে কুড়িগ্রাম জেলার সামগ্রিক ফলাফলও হতাশাজনক। এ বছর জেলায় ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন; পাস করেছেন ৪০ দশমিক ৭২ শতাংশ। জেলায় ছাত্রীদের পাসের হার বেশি; ৫০০০ ৬৮৩ জন ছাত্রের মধ্যে পাসের হার ৩৫ দশমিক ৯৫ শতাংশ, আর ৬৩৯ জন ছাত্রীর মধ্যে পাসের হার ৪৫ দশমিক ২১ শতাংশ। জেলায় মোট ১৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে; তাদের মধ্যে ৫৯ জন ছাত্র ও ৭৭ জন ছাত্রী।

দিনাজপুর শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে কুড়িগ্রাম পাসের হারে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

উলিপুরের হজরত ফাতেমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাফিজ রহুল আমিন বলেন, এ প্রতিষ্ঠানের তিন পরীক্ষার্থীই বিবাহিত; সংসারের চাপের কারণে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারেননি।

তিনি আরো বলেন, আমরা চাই সবাই পাস করুক। কিন্তু শিক্ষার্থীদের আগ্রহ না থাকলে ভালো ফল করা কঠিন।

এ বিষয়ে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হাই সিদ্দিকী বলেন, তারা সাধারণ মাধ্যমিক শাখার কার্যক্রম দেখভাল করেন; উচ্চমাধ্যমিক শাখা সরাসরি শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে। এ কারণে এসব প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের বিষয়ে বিষয়ে বিস্তারিত অবগত নন।