চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামজিদ তাহমিদ রেজা প্রথম স্থান অধিকার করেছেন। তিনি মোট ১ হাজার ২২২ নম্বর পেয়েছেন।

নিজের ফলাফল নিয়ে তামজিদ বলেন, 'বেশ ভালো লাগছে। সামনে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করতে চাই'।

তাঁর বাবা ড. রেজাউল করিম, চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক, বলেন, 'বিভিন্ন ওয়েব পোর্টালে দেখেছি, নম্বর অনুযায়ী ও প্রথম। অনুভূতি আলহামদুলিল্লাহ। বাবা হিসেবে ব্যাপারটা খুবই আনন্দের। ও চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ, সেই অনুযায়ী ভালো ফল করতে পেরেছে'।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এ বছর মোট ৯৯ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন; পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন, এবং পাসের হার ৫২ দশমিক শূন্য ৭ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে গত ১৫ বছরে এটি সর্বনিম্ন পাসের হার। জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ শিক্ষার্থী।