জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আবাসন, শিক্ষক ও পরিবহনসহ নানা সংকট চলমান থাকায় শিক্ষার্থীদের জীবনযাত্রা প্রভাবিত হচ্ছে। প্রতিষ্ঠার দু’দশক পেরিয়ে গেলেও এখনও ৭১ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত। একই সঙ্গে শিক্ষকের অনুমোদিত পদগুলোর প্রায় ৫৪ শতাংশই খালি, চিকিৎসা কেন্দ্রেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে দাবি বিশ্ববিদ্যালয়ের। তবে উপাচার্য বলেছেন, সংকট কমাতে তারা কাজ করছেন। এটি বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা-সংকট নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব।

প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী সর্বশেষ শিক্ষাবর্ষ পর্যন্ত ২৫টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী সংখ্যা ৯ হাজার ৮১৪; এর মধ্যে ছাত্র ৪ হাজার ৮০৫ ও ছাত্রী ৫ হাজার ৯ জন। চারটি আবাসিক হলে আসন রয়েছে ২ হাজার ৮৫৯টি, তাই মোট শিক্ষার্থীর মাত্র ২৯.১ শতাংশ হলে থাকার সুযোগ পাচ্ছেন। আবাসন সুবিধার বাইরে রয়েছেন ৬ হাজার ৯৫৫ জন, যা প্রায় ৭০ দশমিক ৯ শতাংশ।

আবাসন সংকট কমাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে দুটি ১০ তলা হল নির্মাণ কাজ চলেছে, একটি ছাত্রদের এবং একটি ছাত্রীদের জন্য। প্রতিটি হলে ৮৫০ জন করে মোট ১ হাজার ৭০০ শিক্ষার্থীর আবাসনের সুযোগ থাকবে। ২০১৮ সালে ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজ শুরু হলেও ২০২২ সালের নভেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি হয়। প্রাথমিক খরচ ধরা হয়েছিল ৪৯১ কোটি ৩৪ লাখ টাকা, পরে বাড়িয়ে ৮৪০ কোটি ৫৬ লাখ টাকা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দুটি হল সেপ্টেম্বরের হস্তান্তরের কথা ছিল, তবে কিছু কাজ বাকি থাকায় ডিসেম্বরের মধ্যে হস্তান্তর করতে বলা হয়েছে। এই দুটি হল চালু হলে প্রায় দুই হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হবে, ফলে আবাসন সংকট অনেকটাই কমে যাবে।