জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং দাবি পূরণের জন্য একেকটি কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দিলে গ্রামবাংলার মানুষকে নিয়ে ঢাকায় যাওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় জোট আয়োজিত ঐক্যের লং মার্চের সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দাবিগুলো কোনো দলীয় বা নির্বাচনী দাবি নয়, বরং দেশের প্রত্যেক নাগরিকের দাবি। জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি বন্ধ, অর্থ পাচার রোধ এবং কৃষকের সার নিশ্চিত করার জন্য মাঠে নামা হয়েছে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গণভোটের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। একইসঙ্গে গ্যাস ও বিদ্যুৎ বিলের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ তৈরির অভিযোগও তোলেন তিনি।