কক্সবাজারের মাতারবাড়ী ও পটুয়াখালীর পায়রায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জমিতে মোট ১৩০ মেগাওয়াট ক্ষমতার দুটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তবে প্রকল্প দুটির নির্মাণ ব্যয়ের মধ্যে বড় ফারাক দেখা যাচ্ছে। মাতারবাড়ীতে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা তৈরিতে ব্যয় আট কোটি ৬৪ লাখ টাকা ধরা হলেও পায়রায় তা প্রস্তাব করা হয়েছে ১৫ কোটি ৯০ লাখ টাকা। ফলে একই খাতে প্রকল্প হওয়া সত্ত্বেও পায়রায় মেগাওয়াটপ্রতি খরচ মাতারবাড়ীর চেয়ে প্রায় সাত কোটি ২৬ লাখ টাকা বা প্রায় ৮৪ শতাংশ বেশি হচ্ছে।
প্রকল্প দুটি ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। এতে সামগ্রিক ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫৫৮ কোটি ৮৮ লাখ টাকা। মোট ব্যয়ের বড় অংশ আসবে বিদেশি ঋণ থেকে, যার পরিমাণ এক হাজার ৩১৫ কোটি ৮৭ লাখ টাকা। এছাড়া সরকার ১৫৪ কোটি ৬৯ লাখ টাকা দেবে এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে আসবে ৮৮ কোটি ৩২ লাখ টাকা। তবে পায়রা প্রকল্পের জন্য এখনও কোনো ঋণদাতা চূড়ান্ত করা সম্ভব হয়নি।
প্রস্তাব অনুযায়ী, মাতারবাড়ীতে কোল পাওয়ার জেনারেশন কম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ছাই রাখার জমিতে ৬০৪ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ৭০ মেগাওয়াটের সৌরকেন্দ্র করবে। এতে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) থেকে ৫৩২ কোটি ৩৯ লাখ টাকা ঋণ নেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে প্রায় ১৭০ একর অব্যবহৃত জমিতে ৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানি লিমিটেড। তাদের প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯৫৩ কোটি ৯০ লাখ টাকা।
অঙ্গভিত্তিক খরচে দেখা যায়, পায়রায় ৬০ মেগাওয়াটের জন্য সৌর প্যানেলেই বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১৯৭ কোটি টাকা। বিপরীতে মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট প্রকল্পের সৌর মডিউল ও ইনভার্টার বাবদ খরচ ধরা হয়েছে প্রায় ১২০ কোটি টাকা। অর্থাৎ সক্ষমতা কম হলেও পায়রায় এ খাতে প্রায় ৭৭ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। একইভাবে নির্মাণকালীন সুদে মাতারবাড়ীতে প্রায় ২০ কোটি টাকা ধরা হলেও পায়রায় ধরা হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। এর বাইরে পায়রায় বৈদ্যুতিক সরঞ্জামে প্রায় ১৮৮ কোটি, অন্যান্য যন্ত্রপাতিতে প্রায় ২৭৯ কোটি এবং ভূমি উন্নয়ন ও অন্যান্য কাঠামোয় প্রায় ৮৬ কোটি টাকা খরচ ধরা হয়েছে। মাতারবাড়ীতে বিওপি সরঞ্জামে প্রায় ২৫৯ কোটি, যন্ত্রাংশে ৪১ কোটি এবং সঞ্চালন ব্যবস্থায় প্রায় ৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ব্যয়ের এই পার্থক্যের ব্যাপারে বিদ্যুৎসচিব মিরানা মাহরুখের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিকল্পনা উইংয়ের অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ নথি না দেখে বক্তব্য দিতে চাননি। তবে এই তারতম্য নিয়ে প্রশ্ন তুলে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বলেন, “মাতারবাড়ী ও পায়রা সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয়ের যে অস্বাভাবিক তারতম্য দেখা যাচ্ছে, তা কোনোভাবেই ন্যায্য ও যৌক্তিক নয়। এ ধরনের প্রকল্পের মূলধনী ব্যয় (ক্যাপেক্স) ও পরিচালন ব্যয় (অপেক্স) নির্ধারণে সুনির্দিষ্ট মানদণ্ড থাকা জরুরি। সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণের ব্যয় কাঠামো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী তৈরি করা উচিত।” তিনি অভিযোগ করেন, অতীতে মানদণ্ড অনুসরণ না করায় অনিয়ম ও লুণ্ঠনের কাঠামো তৈরি হয়েছিল এবং তা এখনও ভাঙা যায়নি।
উভয় প্রকল্পের জন্যই নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে না। মাতারবাড়ীর ছাই বিক্রি হয়ে যাওয়ায় খালি থাকা জমি এবং বিদ্যমান সুরক্ষা বাঁধ ও সঞ্চালন ব্যবস্থা ব্যবহার করা যাবে। বাস্তবায়ন বিলম্বিত হওয়ার আশঙ্কায় আপাতত ব্যাটারি সংরক্ষণ সুবিধা বাদ দিয়েই মাতারবাড়ী প্রকল্পের কাজ এগোচ্ছে। কেন্দ্রটির প্যানেল সক্ষমতা হবে ৯০.৮১ মেগাওয়াট-পিক এবং বছরে গড়ে ১১ কোটি ৯২ লাখ ৯০ হাজার ইউনিট বিদ্যুৎ গ্রিডে দেওয়ার লক্ষ্য রয়েছে। এর আগে গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভায় মাতারবাড়ীতে সৌরকেন্দ্রের পাশাপাশি অন্তত ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া সরকার আগামী এক বছরে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে।








