চার দিনের এক রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি।

জাপানের বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা (NAKASONE Yasutaka)। এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। পাশাপাশি টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে, সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন।