রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ ৬৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৫ অক্টোবর) দিনব্যাপী এসব অভিযান চালানো হয়। পরদিন সোমবার (২৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

ডিএমপি সূত্রে জানা গেছে, পরিচালিত অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৩ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, লালবাগ ও গুলশান বিভাগে ৭৮ জন করে, উত্তরা বিভাগে ৫৭ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হন ৬ জন। এসব ঘটনায় নগরীর বিভিন্ন থানায় মোট ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন ও ৩০০ বোতল আমদানি নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর পাশাপাশি একটি চাইনিজ কুড়াল, ২টি চাকু, অপরাধমূলক কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।