আন্তর্জাতিক চাপ বাড়লেও কূটনীতির পথ থেকে সরে আসছে না তেহরান। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিজেদের পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, আলোচনার সুযোগ জিইয়ে রাখার পাশাপাশি নিজেদের ভূখণ্ড রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে ইরান।

এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই উল্লেখ করেন, ইরান কখনোই আলোচনার টেবিল ত্যাগ করেনি এবং কূটনীতির পথও রুদ্ধ করেনি। বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা বিনিময় এখনও চলমান রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূমিকার কড়া সমালোচনা করে তিনি বলেন, ওয়াশিংটন একতরফা নানা শর্ত চাপানোর চেষ্টা চালাচ্ছে, যার মধ্যে ইরানের পূর্ণ আত্মসমর্পণের বিষয়ও রয়েছে। এ ধরনের কোনো দাবি কোনো ইরানির পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে সংঘাতের ক্ষেত্রে স্বাধীন অবস্থান বজায় না রেখে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ নিচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বাঘাই দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুরো অঞ্চলটিকে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ক্ষেত্র হিসেবে ব্যবহার করায় এই প্রণালিটি আর নিরাপদ নেই। তিনি স্পষ্ট করেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা, জনগণ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। বিদ্যমান পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া তেহরানের কাছে বিকল্প কিছু থাকবে না।