কর্মী নিয়োগের সুযোগ তৈরি করতে জাপান ও বাংলাদেশের মধ্যে ‘ইএসডিপি-এমওসি’ (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন অ্যামপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) শীর্ষক একটি চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে কর্মী নেওয়া শুরু করবে জাপান।
এর আগে রোববার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় দেশের প্রায় এক বছরের দীর্ঘ প্রচেষ্টার পর ১৭ অক্টোবর এ চুক্তি চূড়ান্ত রূপ নেয়। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের মিনিস্ট্রি অব জাস্টিস, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় আনুষ্ঠানিকভাবে এই চুক্তির কপি উভয়পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, প্রাথমিক অবস্থায় চুক্তিটির মেয়াদ ৫ বছর হলেও তা স্বয়ংক্রিয়ভাবে আরও ৫ বছরের জন্য বৃদ্ধি পাবে, যার ফলে সামগ্রিক মেয়াদ দাঁড়াবে ১০ বছর। এই কাঠামোর অধীনে বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমমানের আইনি সুরক্ষা ও সমান সুযোগ পাবেন। বিশেষ করে বিদেশি নারী কর্মীদের গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে চাকরিচ্যুতি, বৈষম্য বা জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর মতো কোনো বিধান এই চুক্তিতে রাখা হয়নি।








