নবম জাতীয় পে স্কেলে আগামী রোববার (১ নভেম্বর) থেকে সরকারি চাকরিজীবীদের বকেয়াসহ বর্ধিত বেতন প্রদান শুরু হতে যাচ্ছে। তবে এই নতুন কাঠামো প্রবর্তনের সময় নানা জটিলতা দেখা দিয়েছে বলে সরকার সূত্রে জানা যায়।
জটিলতার ফলে শুরুতেই বাড়তি বেতন পাবেন না দুই লাখের বেশি সরকারি চাকরিজীবী বলে অর্থ মন্ত্রণালয়ে সূত্র জানিয়েছে। এর মধ্যে বিদ্যমান চাকরিজীবীর পাশাপাশি পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকরাও আছেন। জটিলতা মিটলে এসব কর্মকর্তা-কর্মচারী বর্ধিত বেতন বকেয়াসহ পাবেন।
নতুন বেতনকাঠামোয় বিভিন্ন গ্রেডে বেতন নির্ধারণের পদ্ধতিতে কোথাও কোথাও জ্যেষ্ঠদের চেয়ে জুনিয়র কর্মীর বেতন বেশি হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। প্রারম্ভিক হিসাবে ১১তম গ্রেডের মূল বেতন ২৫ হাজার টাকা এবং ১২তম গ্রেডের বেতন ২৪ হাজার ৩০০ টাকা থাকায় ১১তম গ্রেডের কর্মচারীর ৭০০ টাকা বেশি পাওয়া কথা ছিল।
তবে সমন্বয় প্রয়োগের পরে দেখা দিয়েছে ১১তম গ্রেডের কর্মচারীর মূল বেতন নির্ধারিত হচ্ছে ৩৭ হাজার টাকা এবং ১২তম গ্রেডের কর্মচারীর বেতন দাঁড়াচ্ছে ৩৭ হাজার ৭০০ টাকা, ফলে জুনিয়র কর্মচারীর বেতন ৭০০ টাকা বেশি হচ্ছে। সরকারি চাকরিজীবীরা বলছেন, নতুন নিয়ম প্রয়োগের কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
চাকরিজীবীরা জানিয়েছেন, নিয়ম পর্যালোচনা না করলে এই জটিলতা দূর করা সম্ভব নয়। নতুন বেতনকাঠামোয় আগামী রোববার চার মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। তবে মাত্র কয়েক দিন বাকি থাকলেও ২ লাখের বেশি কর্মীর বেতন নির্ধারণের কাজ শেষ হয়নি।
এ জটিলতা দূর করতে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করলেও মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। ১৪ লাখ কর্মচারীর মধ্যে সোমবার পর্যন্ত নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ হয়েছে ১২ লাখের। দুই লাখ এখনো বাকি।
গত ১৭ সেপ্টেম্বর নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হয়। এরপর বেতন নির্ধারণের কাজ শুরু হয় ৫ অক্টোবর থেকে। নিয়ম প্রয়োগ করতে গিয়ে গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড ও বাড়িভাড়া ভাতা নিয়ে অসংগতি দেখা দেয়। এর সঙ্গে আইবাস++ নিয়েও জটিলতা তৈরি হয়েছে।
অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার গণমাধ্যমকে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অর্থ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিজ্ঞতার ঘাটতি থাকায় কিছু সমস্যা তৈরি হয়েছে। এগুলো সমাধানে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় বলছে, যাদের নতুন কাঠামোয় বেতন নির্ধারণ হয়নি, তারা পুরোনো কাঠামো অনুযায়ী বেতন পাবেন। বকেয়া বেতনের টাকা পরে দেওয়া হবে। বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগের আবেদন ১ নভেম্বরের আগে অর্থ বিভাগ সুরাহা করতে পারছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








