ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দরে আটক হয়েছেন সিজেপি নেতা অভিজিত দীপ। তাঁর অনুপস্থিতিতে পূর্বনির্ধারিত কর্মসূচির নেতৃত্ব দেবেন সংগঠনটির ‘অর্গানাইজেশন ইন-চার্জ’ অজিনক্য শিন্ডে। তবে বিক্ষোভকারীদের জন্তর মন্তরে না গিয়ে দিল্লি হাটে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন সর্বভারতীয় শিক্ষার্থী সমিতির (আইসা) নেত্রী নেহা বোরা।

আটকের আশঙ্কায় গত রাতেই একটি ভিডিও বার্তা রেকর্ড করে রেখেছিলেন অভিজিত দীপ। সেখানে তিনি জানান, তিনি নিজে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা আটক থাকলে এই আন্দোলনের দায়িত্বে থাকবেন অজিনক্য শিন্ডে। ভিডিওতে তিনি বলেন, “যতক্ষণ অভিজিত দীপ, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা আটক থাকবেন, ততক্ষণ সিজেপির অর্গানাইজেশন ইন-চার্জ অজিনক্য শিন্ডে জন্তর মন্তরের এই বিক্ষোভের নেতৃত্ব দেবেন।”

অন্যদিকে কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা দেন আইসা নেত্রী নেহা বোরা। তিনি বিক্ষোভকারীদের দিল্লি হাটের অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে লেখেন, “আজ দিল্লি হাটই হয়ে উঠছে জন্তর মন্তর! সেখানেই দেখা হচ্ছে!”