বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের আলিম পরীক্ষায় পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ। এ বছর ৩২৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, পাশাপাশি পাসের হার ও জিপিএ-৫ অর্জনের সংখ্যা গত দুই বছরে কমেছে।
এ পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বেলা ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, তাদের মধ্যে ছাত্রী ২৫ হাজার ২৭৮ ও ছাত্র ২৯ হাজার ২৬৯ জন। ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ, অর্থাৎ পাসের হারে ছাত্রীরা ছেলেদের চেয়ে ৬ দশমিক ৮০ পয়েন্ট এগিয়ে রয়েছে।








