জাপানের জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোকে বাংলাদেশে তাদের বিনিয়োগের পরিধি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান। উল্লেখ্য, ফাস্ট রিটেইলিং হলো ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান।

বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্যিক যোগাযোগ এবং এ দেশের ওপর ইউনিক্লোর অবিচল আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবার, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক তৈরির মতো খাতে বাড়তি বিনিয়োগে ইউনিক্লোর উদ্যোগ প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, কর্মীদের দক্ষতা উন্নয়ন, পণ্যের উদ্ভাবন এবং পরিবেশবান্ধব উন্নত উৎপাদন প্রক্রিয়ায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে জমি বরাদ্দ এবং প্রশাসনিক ও বিনিয়োগ সংক্রান্ত অনুমোদন সহজ করতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহায়তার নিশ্চয়তা দেন প্রধানমন্ত্রী।

উভয় পক্ষই বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরের গুরুত্ব তুলে ধরে এবং এ চুক্তি দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরালো করবে বলে আশা প্রকাশ করে। এ সময় বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। জাপানি প্রতিনিধিদলে তাদাশি ইয়ানাই ছাড়াও উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।