টানা চার দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্যবৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে, যা বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
এর আগে গত ২৫ অক্টোবর সকালে সোনার দাম কমানো হয়েছিল। সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হওয়া সমন্বয়ে প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারিত ছিল।








