রংপুরের মিঠাপুকুরে দাঁড়ানো একটি ড্রাম ট্রাকের পেছনে ঢুকে যাওয়ার ফলে ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
দুর্ঘটনা আজ বুধবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানানো হয়েছে, মহাসড়কের ওপর দাঁড়ানো একটি ড্রাম ট্রাকের পেছনে ঢাকা থেকে ছেড়ে আসা খান পরিবহণের একটি যাত্রীবাহী বাস (নাইট কোচ) ধাক্কা দেয়। এতে বাসের ১৫ জন যাত্রী হতাহত হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরও তিনজন মারা যান। এ ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন এবং আহত রয়েছেন ১১ জন।
বড় দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।








