কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে সাজুল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পাল্টা ফায়ার করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে ওই সীমান্ত এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। আহত সাজুল জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। সাজুল হোসেন সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস কাটতে গেলে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের একটি টহলদল তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তাঁর কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত অংশ ছররা গুলিতে বিদ্ধ হয়। এর পরপরই বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।
গুলিবিদ্ধ সাজুলকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোহিদ হাসান তুহিন তাঁর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।





