রাজপথে মিছিল কিংবা লং মার্চ না করে জাতীয় সংসদের ভেতরে আলোচনার মাধ্যমে বিভিন্ন সংকট সমাধানের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, “লং মার্চ করে সব সমস্যার সমাধান করা গেলে সবার আগে প্রধানমন্ত্রীই তা করতেন।”
রোববার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আসন্ন কপ সম্মেলন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি বিরোধী দলকে সরকারের বিরোধিতার বদলে বৈশ্বিক সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া মাত্র পাঁচ মাসের মাথায় দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কারা রাস্তায় নামছে, সে বিষয়ে সতর্ক থাকতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট নানা সমস্যা ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের দাবির কথা তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট সমস্যায় আমরা ন্যায়বিচার চাই। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে জমি মরুভূমির মতো হয়ে যাচ্ছে। আমাদের মানুষ মরে যাচ্ছে, অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণ ঘটাচ্ছে ১ শতাংশেরও কম। কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের জিডিপি ক্ষতিগ্রস্ত হচ্ছে ২ থেকে ৩ শতাংশ।”








