গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর থেকে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিম (সিপিআইটি)। তাদের প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের তুলনায় বর্তমানে রাজনৈতিক দলসমূহ, সংবাদকর্মী, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো অনেক বেশি উন্মুক্ত পরিবেশে তাদের কাজকর্ম পরিচালনা, স্বাধীন মতপ্রকাশ এবং বিতর্কে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।

চলতি বছরের ৭ থেকে ১৫ জুন পর্যন্ত ঢাকায় অবস্থানকালে বিভিন্ন অংশীজনের সরাসরি সাক্ষাৎকার নিয়ে তিন সদস্যের একটি ব্রিটিশ প্রতিনিধি দল এই প্রতিবেদনটি তৈরি করে, যা সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বিএনপি, জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল কোনো বাধা ছাড়াই সভা-সমাবেশ, প্রচারণা ও সরকারের সমালোচনা করতে পারছে। ২০২৬ সালের নির্বাচনকে অতীতের তুলনায় শান্তিপূর্ণ ও বেশ কম সহিংস হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, ওই নির্বাচনের পর রাজনৈতিক সংঘাত কমেছে। বর্তমানে যেসব সহিংসতার ঘটনা ঘটছে, তা মূলত স্থানীয় পর্যায়ের আধিপত্য ও ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগ এখনো দল হিসেবে নিষিদ্ধ রয়েছে এবং বিগত আমলের মানবাধিকার লঙ্ঘন ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের কারণে দলটির প্রতি সাধারণ মানুষের ব্যাপক অসন্তোষ বজায় রয়েছে। সহিংসতা, নিপীড়ন কিংবা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না—এমন তৃণমূল পর্যায়ের সমর্থকেরা এলাকায় থাকতে পারলেও প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান প্রকাশ করলে সামাজিক বৈরিতা ও হয়রানির ঝুঁকিতে পড়ছেন। এর ফলে সাবেক কর্মীদের কেউ কেউ এলাকা ছেড়েছেন, দল পরিবর্তন করেছেন বা বিদেশে চলে গেছেন। এছাড়া বিগত সরকারের অপরাধ ও জুলাই অভ্যুত্থানের ঘটনায় বহু নেতাকর্মী ও কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ও সাধারণ আদালতে বিচার চলছে, যাদের অনেকে এখনও কারাগারে আটক রয়েছেন।

এদিকে প্রতিবেদনে পুলিশের দেওয়া তথ্যের বরাতে জানানো হয়েছে, বিগত সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই ইতিমধ্যে কারামুক্ত হয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা হিসেবে চিহ্নিত ২১ হাজারেরও বেশি মামলা ইতিমধ্যে সরকার প্রত্যাহার করেছে এবং আগের মামলাগুলো পুনরায় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।