জাপানের স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো। এই বৈঠকে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও নানা খাতে বিনিয়োগের জন্য জেবিআইসির প্রতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, বিদেশি ও অভ্যন্তরীণ বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায় অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নীতিমালা সংস্কার ও সহজ করার উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি বিনিয়োগবান্ধব নীতি প্রণয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জেবিআইসির অগ্রাধিকারমূলক প্রকল্পসমূহ বর্তমান সরকারের উন্নয়ন ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আলোচনাকালে বাংলাদেশে জেবিআইসির একটি দপ্তর বা কার্যালয় প্রতিষ্ঠার অনুরোধ জানানো হয়। জবাবে জেবিআইসি গভর্নর জানান, তিনি এ প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

উক্ত বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।