সৌদি আরবে হুথিদের হামলা পুরোপুরি বন্ধ এবং যুদ্ধবিরতিতে সম্মত করাতে ইরানের মধ্যস্থতায় ১০০ কোটি বা এক বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে রিয়াদ। উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের তথ্যের বরাতে জানা গেছে, সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হুথিদের আক্রমণ থামানোই এই প্রস্তাবের প্রধান লক্ষ্য।

ইরানের রাজধানী তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের আকস্মিক সফরের সময় এ নিয়ে আলোচনা হয়। সেখানে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দেয় ইরান। এমনকি সৌদি প্রতিরক্ষামন্ত্রী একটি হারকিউলিস সামরিক পরিবহন বিমানে তেহরান যাওয়ার সময় সঙ্গে ১০০ কোটি ডলার নিয়ে গিয়েছিলেন বলেও জানা গেছে। তবে আর্থিক সহায়তার এই প্রস্তাব এবং সংশ্লিষ্ট আলোচনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ও মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের তেহরান সফর চলমান সংকটে সংশ্লিষ্ট পক্ষগুলোর উত্তেজনা প্রশমনের উদ্যোগেরই অংশ। পাশাপাশি সংলাপ ও কূটনৈতিক সমাধান এগিয়ে নেওয়া এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন জানানোও ছিল এই সফরের উদ্দেশ্য।

উক্ত আলোচনায় ইরানের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মকর্তা মহসেন রেজায়ি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কর্মকর্তারা। এ ছাড়া পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনও এতে অংশ নেন।