রাজধানীর ভাটারা থানা এলাকার পুলিশ হাউজিং-১ আবাসিকে পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া একটি ফ্ল্যাটে পরিচালিত অভিযানে মাদক পরীক্ষা ছাড়াই সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভ্রাম্যমাণ আদালতের দেওয়া এই দণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কারাদণ্ডপ্রাপ্ত এক তরুণের বাবা, যিনি নিজেও একটি সুপরিচিত ব্যান্ডের স্বনামধন্য সদস্য।

নাম প্রকাশ না করার শর্তে ওই বাদ্যযন্ত্রশিল্পীর বাবা জানান, বাসাটিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর কাজ পাওয়ার কারণেই সেখানে গিয়েছিলেন তার ছেলে। তবে অভিযানের পর মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেয়। বাবার দাবি, তার ছেলে মাদক সেবন করেছিলেন কি না—তা নিয়ে কোনো ধরনের পরীক্ষাই করা হয়নি।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর গভীর রাতে সংশ্লিষ্ট ওই বাসায় অভিযান পরিচালনা করেছিল ডিবি। সেই অভিযানে ভ্রাম্যমাণ আদালত মোট ৮৫ জনকে কারাদণ্ড দেন।