ভারতের অরুণাচল প্রদেশের প্রায় ৫০ কিলোমিটার ভেতরে চীনের সেনাবাহিনী ঢুকে পড়েছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যটির কংগ্রেস সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী বসিরাম সিরাম। তবে এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। সীমান্তে চীনের কোনো অনুপ্রবেশ ঘটছে বলে তিনি বিশ্বাস করেন না বলে জানিয়েছেন।
সোমবার এক বক্তব্যে বসিরাম সিরাম দাবি করেন, অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সদস্যরা। তিনি জানান, গত ২৬ থেকে ২৯ আগস্ট কংগ্রেসের একটি প্রতিনিধিদল ইটানগর থেকে নাচো হয়ে লাইমেকিং ও তাকসিং সীমান্ত এলাকা পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে। এ বিষয়ে তিনি বলেন, “চীনা সেনারা ইতোমধ্যে ভারতের ভূখণ্ডের ৪০ থেকে ৫০ কিলোমিটার ভেতরে চলে এসেছে। বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। পাহাড়ের চূড়ায় তাদের দেখা যায়, আর আমরা রয়েছি নিচে।”
এর আগে গত জুনে তাকসিংয়ের কাছে চীনা সেনাদের উপস্থিতি বাড়ার অভিযোগ করেছিল নাহ ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি স্থানীয় সংগঠন, যা ভারতীয় সেনাবাহিনী ‘ভুল ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয়। পরে আগস্টে অরুণাচল প্রদেশের পিপলস পার্টির একটি প্রতিনিধিদলও দাবি করে, কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ভারতীয় টহল দলকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ৫০ কিলোমিটার অনুপ্রবেশের কথা অস্বীকার করলেও সীমান্তের উঁচু অঞ্চলে চীনের তৎপরতা বৃদ্ধির বিষয়টি স্বীকার করেছিলেন।
সরকারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করায় প্রশ্ন তুলে সিরাম বলেন, কোনো ঘটনা না ঘটলে স্থানীয়রা কেন বারবার এমন অভিযোগ তুলবেন। এসব বিষয়কে গুজব হিসেবে না দেখে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে আসাফিলাসহ কিছু কৌশলগত এলাকা চীনের নিয়ন্ত্রণে চলে যাওয়া এবং অনলাইন মানচিত্র থেকে কিছু এলাকা বাদ পড়ার অভিযোগও তোলেন তিনি।







