প্রয়োজনীয় কিটের সংকটে দেশের কোনো হাসপাতালে কিডনি রোগীদের ‘ডিটিপিএ রেনোগ্রাম উইথ স্প্লিট ফাংশন অ্যান্ড জিএফআর’ পরীক্ষা করানো যাচ্ছে না। এর ফলে কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসাপ্রক্রিয়ায় তৈরি হওয়া স্থবিরতা কাটাতে পরীক্ষাটি অবিলম্বে পুনরায় চালুর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল থেকে এই চিঠি প্রকাশ করেন সাংবাদিক নূরে আলম সিদ্দিকী জুয়েল।

চিঠিতে তিনি জানান, নিজের বড় ভাইয়ের কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতির অংশ হিসেবে দাতার প্রয়োজনীয় পরীক্ষা করাতে গিয়ে তিনি এই সংকটের মুখোমুখি হয়েছেন। দেশে কিডনি রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়লেও দীর্ঘদিন ধরে এই পরীক্ষাটি বন্ধ থাকায় বহু পরিবার অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে পড়েছে। কিডনির সার্বিক সক্ষমতা, দুটি কিডনির পৃথক কার্যক্ষমতা এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট (জিএফআর) মূল্যায়নে চিকিৎসকদের জন্য পরীক্ষাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু এটি বন্ধ থাকায় রোগীদের বিদেশে যাওয়া বা ব্যয়বহুল বিকল্প খোঁজার মতো আর্থিক সামর্থ্য সবার থাকে না।

এই অচলাবস্থা নিরসনে চিঠিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে সাতটি নির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে—পরীক্ষাটি বন্ধ থাকার সঠিক কারণ প্রকাশ করা, জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় রেডিওফার্মাসিউটিক্যাল কিট ও আইসোটোপ সরবরাহ করা এবং পরীক্ষা চালুর নির্দিষ্ট সময়সীমা জানানো। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) ও জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটসহ (NIKDU) অন্যান্য সরকারি হাসপাতালে পরীক্ষাটি চালুর সম্ভাব্যতা যাচাই এবং কেবল এক-দুটি কেন্দ্রের ওপর নির্ভর না করে বিভিন্ন অঞ্চলে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি নিশ্চিত করার দাবি জানানো হয়।

একই সঙ্গে পরীক্ষাটি পুরোদমে শুরু না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা ও ব্যয়ের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত জানানো এবং ভবিষ্যতে কিটের সংকট ঠেকাতে কার্যকর পরিকল্পনা নেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে। বিষয়টিকে জরুরি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখে দ্রুত সমাধান নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।