ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩৫) নামের এক জামাই নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো রক্তমাখা অস্ত্রসহ অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম বলিভদ্রপুর গ্রামের গাজী রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাতে তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে জামাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।

ঘটনার সময় বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে তরিকুল ইসলামকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং রক্তমাখা কুড়ালসহ অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।