জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলোর হিসাব অনুযায়ী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজান ও ঈদুল ফিতর শুরুর চূড়ান্ত দিনক্ষণ পুরোপুরি নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ার কারণে প্রতি বছরই রমজান মাস ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০-১১ দিন আগে শুরু হতে পারে। হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন থেকে শুরু হবে রোজা।

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। পরবর্তী শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপিত হয়। বর্তমান পূর্বাভাস অনুসারে, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

ইসলামী ক্যালেন্ডারের নবম মাস রমজানে মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়েছিল, যার কারণে মুসলিমদের কাছে এ মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন এবং নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের মতো ইবাদতে নিজেদের নিয়োজিত রাখেন।

আসন্ন এই রমজানকে কেন্দ্র করে আগামী কয়েক মাসের মধ্যে মুসলিম দেশগুলো মসজিদ ও জনসেবামূলক নানা প্রস্তুতি গ্রহণ করবে। একই সঙ্গে ধর্মীয় কর্তৃপক্ষগুলো চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া ঘোষণা করবে। জ্যোতির্বৈজ্ঞানিক গণনায় সম্ভাব্য তারিখ পাওয়া গেলেও শেষ পর্যন্ত ধর্মীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক চাঁদ দেখার ঘোষণার মাধ্যমেই এটি চূড়ান্ত হবে।