নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের সংঘর্ষের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। নিহতদের মধ্যে ইতোমধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার দুর্ঘটনায় মোট ১৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি মরদেহগুলোর পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পটুয়াখালীর কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে কুড়িগ্রাম থেকে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়।

শনাক্ত হওয়া নিহতরা হলেন—রাজশাহীর বাগমারা এলাকার আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জের ৮ বছর বয়সী শিশু আহুদিয়া, এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার সামাদ (৭০), জুয়েল (৪০), জহুর উদ্দিন, শামলাল মোল্লা (৪৫), কাশেম (৩৫) ও জাহান উদ্দিন মোল্লা। এছাড়া নিহতদের তালিকায় রয়েছেন দুর্ঘটনাকবলিত আরপি পরিবহনের চালক মো. সোহেল রানা, যিনি রাজশাহীর গোদাগাড়ীর বাসিন্দা ছিলেন।

বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামীম হোসেনের তথ্যমতে, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী বালুবোঝাই ট্রাকটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৯ জন প্রাণ হারান। পরে উদ্ধারকর্মীরা আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও ৫ জনের মৃত্যু ঘটে। এদিকে আব্দুস সালাম নামের বাসের এক যাত্রী অভিযোগ করেন, অতিরিক্ত যাত্রী নিয়ে বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালক মাঝেমধ্যেই সজোরে ব্রেক করছিলেন।