ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বিস্তার ও এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই অধ্যাদেশ জারি করে। মূলত বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও এর বিস্তারসহ আনুষঙ্গিক বিষয়ে বিশেষ বিধান নিশ্চিত করতেই এটি আনা হয়েছে।

অধ্যাদেশের গেজেটে জানানো হয়েছে, সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত ছড়িয়ে দেওয়ার স্বার্থে বিশেষ বিধান করা প্রয়োজন। সংসদ অধিবেশন চলমান না থাকা এবং জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয় পরিস্থিতি দৃশ্যমান হওয়ায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি সন্তুষ্ট হয়ে এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন।

এর আগে রবিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পায়। আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য নিয়ে সরকার এই চূড়ান্ত অনুমোদন দিয়েছিল।