বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
পরিদর্শনকালে ৫১ জন চিকিৎসকের মধ্যে ১২ জন অনুপস্থিত পাওয়া যায়, তাদের মধ্যে সাতজন অন্যত্র সংযুক্তিতে কর্মরত এবং পাঁচজন দীর্ঘদিন ধরে নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। মন্ত্রী অনুপস্থিত পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং অন্যত্র সংযুক্ত সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার নির্দেশ দেন।
মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যালোচনা করেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং দুই অসহায় ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তার কথা জানান।
পরিদর্শনকালে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান পরিকল্পনা অনুযায়ী হাসপাতালে ১০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন, প্রসূতি মায়েদের জন্য ২০ শয্যার ওয়ার্ড, নবজাতকদের জন্য ২০ শয্যার ব্যবস্থা, পুরুষ ও নারীদের জন্য আলাদা ফিজিওথেরাপি সেবা এবং ব্রেস্টফিডিং সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী ১ নভেম্বরে নতুন যোগদানকালে আসা ৪৮ জন চিকিৎসকের মধ্যে মুরাদনগর হাসপাতালে চিকিৎসক পদায়ন নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।
হাসপাতালের বর্জ্য ও আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী অপরিচ্ছন্ন পরিবেশকে স্বাস্থ্যসেবার জন্য উদ্বেগজনক উল্লেখ করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি বলে বলেন। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, বর্জ্য ফেলার জন্য উপজেলায় উপযুক্ত জমির সংকট রয়েছে, এই সমস্যা সমাধানে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে হাসপাতাল প্রাঙ্গণে বর্জ্য ব্যবস্থাপনার উপযুক্ত ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা হবে বলে মন্ত্রী জানান।
মন্ত্রী হাসপাতালের বিকল যানবাহনগুলো কন্ডেমনেশন প্রক্রিয়ায় নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেন এবং অ্যাম্বুলেন্স গাড়ি সংকট সমাধানের জন্য আগামী অর্থবছরের মধ্যে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা থাকছে বলে জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, "দীর্ঘদিন ধরে দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বর্তমান সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরও আধুনিক ও জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে।" তিনি জানান মুরাদনগর হাসপাতালের চিকিৎসাসেবার মান আগের তুলনায় ভালো মনে হয়েছে, তবে কিছু অনিয়ম তাঁর নজরে এসেছে এবং এসব বিষয়ে চিকিৎসকদের সতর্ক করা হয়েছে।
মন্ত্রী রোগীদের জন্য চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় চিকিৎসক পদায়ন, আধুনিক চিকিৎসাসুবিধা সম্প্রসারণ এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে মুরাদনগরের স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করার আশ্বাস দেন।








