৭ নভেম্বরকে বাংলাদেশের জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিণ্ডু হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী সরকারের রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি শুক্রবার নিউইয়র্কে কনস্যুলেট জেনারেল এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় এ কথা বলেন।

আলোচনাসভায় প্রধানমন্ত্রী উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাবের পথ তৈরি করেছিল।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মর্তুজা এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক।

আলোচনায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, এ দিবস জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সংহতির চেতনাকে ধারণ করে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী রাখতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ দিনের শিক্ষা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে কনস্যুলেট ও স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি ও নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।