সরকার মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে। এখন থেকে সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় লেখার অনুমতি দেওয়া হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় নকশা অনুযায়ী একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের জায়গাও খোলা রাখা হয়েছে।

রোববার প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়; এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতা দিয়ে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিতে মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগে নির্ধারিত পদ্ধতির পাশাপাশি নম্বরটি একটি আনুভূমিক রেখায় লেখা যাবে। সঙ্গে নকশা অনুযায়ী সামনের রেজিস্ট্রেশন চিহ্ন একাধিক মাপের (দৈর্ঘ্য ও প্রস্থ) বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটেও প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলার নাম নির্দেশকারী অক্ষরের মাত্রা, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা ও প্লেটের ওপরের অংশে ফাঁকা জায়গা, দুটি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা জায়গা এবং দ্বিতীয় লাইনের সংখ্যাগুলোর মধ্যে হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণের ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটিও বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।