রাজধানীতে ৬টি রুট ও একটি সার্কুলার রুটে ৮৬১টি বাস নিয়ে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু হলো। রোববার (১ নভেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনার উদ্বোধন করা হয়।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উল্লাহ আহমদ বলেন, দায়িত্ব গ্রহণের দিন থেকেই বাস রুট রেশনালাইজেশন নিয়ে কাজ করছি। এটি দীর্ঘদিনের একটি স্বপ্নের প্রকল্প। তবে বাস মালিক ও শ্রমিকদের অসহযোগিতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এতদিন সেটা বাস্তবায়ন সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ঢাকা বাসীদের একসময় মনে করেছিল এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে না। আগে রাজধানীতে ৯৮টি বাস রুট ছিল; বিভিন্ন ব্যানারে বাস চলাচল করায় চালকদের মধ্যে অসহযোগিতা ও প্রতিযোগিতা হতো, দুর্ঘটনা ঘটত। পরে রুট সংখ্যা কমিয়ে ৩২টিতে আনা হয়। আজ ছয়টি রুটে কার্যক্রম শুরু হয়েছে।
গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ২৫৩টি নন-এসি বাস পরিচালনা করবে ভিআইপি পরিবহন; চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে ১৩৩টি বাস চালাবে চিড়িয়াখানা সিটি বাস কোম্পানি। আর ঘাটারচর থেকে ডেমরা ও ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বাস চালাবে ফোর স্টার লাইন। পাশাপাশি ঘাটারচর থেকে উত্তরা পর্যন্ত বাস পরিচালনা করবে পিএনপি সিটি সার্ভিস।
ডিএমপি কমিশনার আরও বলেন, আগে ছয়টি রুটে ১৮টি আলাদা ব্যানারে বাস চলত। সেগুলোকে এখন একটি কোম্পানির আওতায় আনা হয়েছে; ফলে শৃঙ্খলা ও ধারাবাহিকতা বাড়বে, বাসচালক ও শ্রমিকেরা বেতনভিত্তিক ব্যবস্থায় কাজ করবেন।
তিনি আরও জানান, ২৫টি সার্কুলার বাস রুট চালুর পরিকল্পনা রয়েছে। এসব রুটে ছোট আকারের বাস চক্রাকারে চলবে; প্রতিটি বাস নির্ধারিত রুটে সারাদিন চলবে। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে মিনি বাস পাওয়া গেলে বাকি চারটি রুট নিয়েও কাজ শুরু সম্ভব হবে।
মোসলেহ্ উল্লাহ আহমদ বলেন, আপাতত ছয়টি রুটে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। ৩২টি রুট-এর বাসের জন্য থাকবে আলাদা আলাদা রং ও নম্বর; বাসের সামনের ডিজিটাল প্লেট দেখে যাত্রীরা বুঝতে পারবেন কোন বাস কোন রুটে চলাচল করছে।
পরিবহন মালিকরা বলেছেন, নতুন ব্যবস্থায় চালকদের নির্ধারিত বেতন দেওয়ায় যাত্রী তোলার জন্য বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা ও সড়কে বিশৃঙ্খলা কমবে।
২০২১ সালের ডিসেম্বরে পরীক্ষামুলকভাবে চালু হয়েছিল ‘ঢাকা নগর পরিবহন’, তবে অবকাঠামোগত ও পরিচালনাগত সংকটের কারণে লোকসানের মুখে শেষ পর্যন্ত তা বন্ধ হয়ে যায়।








