বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট লাগানোর নির্ধারিত সময়সীমা দেড় মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে। এ বিষয়ে অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে।

নম্বরপ্লেটটি নিজস্ব ব্যবস্থায় ম্যানুয়ালি প্রস্তুত করে সামনের অংশে লাগাতে হবে। সাধারণ মোটরসাইকেলের জন্য প্লেটের মাপ হবে ২৮৫ মিলিমিটার বাই ৫০ মিলিমিটার এবং স্কুটারের ক্ষেত্রে ২০০ মিলিমিটার বাই ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হওয়া বাধ্যতামূলক।

উল্লেখ্য, ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছিল বিআরটিএ। আইন অনুযায়ী মোটরসাইকেলের পেছনে বিআরটিএ অনুমোদিত ও রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক।

নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামে তৈরি হবে। সাদা পটভূমিতে কালো বাংলা অক্ষর ও সংখ্যা থাকবে। কোনো অলংকারপূর্ণ নকশা রাখা যাবে না।