রাজধানীর দিয়াবাড়িতে কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি রেস্টুরেন্ট ভেঙে গুঁড়িয়ে দেওয়া, পাসপোর্ট ও গাড়ি আটকে রাখা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন নারী উদ্যোক্তা নাসরীন জাহান নাজ। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সাবেক স্বামী আবু সাঈদ মোহাম্মদ হায়দারের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি নিজের ও সন্তানদের নিরাপত্তা চেয়েছেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে নাসরীন লিখিত বক্তব্যে জানান, গত ১১ সেপ্টেম্বর তার সাবেক স্বামী তাকে ও তার মেয়েকে মালয়েশিয়ায় পাঠান। সেখানে থাকাকালেই তিনি তালাকের নোটিশ পান। পরবর্তীতে দেশে ফিরে তিনি নিজ বাসায় প্রবেশ করতে পারেননি এবং তার পাসপোর্ট ও গাড়িও আটকে রাখা হয়। সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহের উদ্দেশ্যে দিয়াবাড়িতে মায়ের অর্থ ও নিজের কয়েক কোটি টাকা বিনিয়োগ করে তিনি রেস্টুরেন্টটি গড়ে তুলেছিলেন। প্রতিষ্ঠানটির জমির একাংশ নিজের কেনা এবং বাকি অংশ সাবেক স্বামীর কাছ থেকে লিখিত চুক্তিতে ভাড়া নেওয়া হলেও কোনো নোটিশ ছাড়াই তা ভেঙে ফেলা হয়। এমনকি রেস্টুরেন্টের কর্মীদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বাইরে বের হলে অনুসরণ ও হয়রানির শিকার হওয়ার কথা জানিয়ে নাসরীন অভিযোগ করেন, তাকে ও সন্তানদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। চরম নিরাপত্তাহীনতার মুখে তিনি গত ১৫ অক্টোবর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৬১) করেছেন। তিন সন্তানের জননী নাসরীন সন্তানদের অধিকার রক্ষা ও নিজের পায়ে দাঁড়িয়ে বেঁচে থাকার প্রত্যয় ব্যক্ত করে রেস্টুরেন্ট ভাঙা ও হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। একই সঙ্গে তিনি ও তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।








