তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগগুলোর শুনানি দুই বছর পর শুরু করেছে তথ্য কমিশন বাংলাদেশ। আজ কমিশনের অধিবেশনে পাঁচটি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় এবং এর মধ্যে তিনটি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। বাকি দুটির পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে।
প্রধান তথ্য কমিশনার আধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন।
দীর্ঘদিন কমিশন কার্যকর না থাকায় গতি দুই বছরে মোট ৯১৭টি অভিযোগ জমা হয়েছে। সরকার ১৭ অক্টোবর তথ্য কমিশন পুনর্গঠন করেছে। নবগঠিত কমিটি ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করে অভিযোগ নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়ার কাজ শুরু করেছে এবং আজকের শুনানিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ-সংক্রান্ত তথ্য, প্রতিষ্ঠানের জমি ও আয়-ব্যয়ের হিসাব, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ, নিয়োগপত্র বাতিলের কারণ, নিয়োগ পরীক্ষার উত্তরপত্র এবং সরকারি সম্পত্তি বন্দোবস্ত-সংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগগুলো পর্যালোচনা করা হয়।








