গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সমুন্নত রাখতে এবং দেশে ফ্যাসিয়াবাদের পুনরুত্থান রোধে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে দাযিত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদ আবার ফিরে এলে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার বাধাগ্রস্ত হবে; সেই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।
উপস্থিতরা মনে করেন, বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু নিজেদের সচেতন থাকলেই হবে না, অন্যদেরও এ বিষয়ে সচেতন ও সম্পৃক্ত করতে হবে।
প্রতিমন্ত্রী সভায় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে বলেন, উত্থাপিত প্রস্তাবগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শিল্পী, কলাকুশলী ও পেশাজীবীদের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের বিষয়ে সরকারের উদ্যোগ থাকছে; তবে ট্রাস্টটি কোন মন্ত্রণালয়ের মাধ্যমে গঠন হবে, এ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হবে।








