বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিরুদ্ধে ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছিল। অনেক আর্জেন্টাইন ফুটবলার পরে এই বিষয়ে কথা বলেছেন এবং তাদের সবাই বিষয়টিতে বিরক্ত। এবার এই বিষয় নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
রোমেরোর দাবি, ফাইনালে সন্দেহজনক কিছুই ঘটেনি। রোমেরো বলেন, “ফাইনালে কিছুই ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এমন জায়গা, যেখানে কেউ একটা বোকামিপূর্ণ কথা লিখলেও সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যেতে পারে। স্পেন নিজেদের কাজ ঠিকঠাক করেছে। আমরা কোনোমতে টিকে গিয়েছিলাম। এটাকে অলৌকিক ঘটনা বলব কি না জানি না, তবে পুরো বিশ্বকাপটাই আমাদের জন্য শারীরিকভাবে কঠিন ছিল। আমাদের কয়েকজন খেলোয়াড় শেষ পর্যন্ত টিকে থাকতেই হিমশিম খেয়েছে, আমিও তাদের একজন।”
রোমেরো লিওনেল মেসির সঙ্গে জাতীয় দলে কাটানো সময়ের স্মৃতিচারণ করে বলেন, “মেসির বিদায়ের পর তার সঙ্গে আর কথা হয়নি। জাতীয় দলে একসঙ্গে থাকার সময় আমাদের কথা হতো। এখনো বিষয়টি আমাদের কাছে কিছুটা অদ্ভুত লাগে।”
রোমেরো মেসির বর্তমান অবস্থা ও ব্যক্তিগত জীবনের প্রতি কামনা নিয়ে বলেন, “আমরা সবাই একমত যে, মেসিকে এখনো দারুণ দেখাচ্ছে। সে এখনো প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে সেই তাড়না রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন ভালো থাকে এবং পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে পারে। তার যে ক্যারিয়ার ছিল এবং এখনো আছে, তা আর কেউ কখনো ছুঁতে পারবে না।”
ব্যালন ডি’অর ও সুপার ব্যালন ডি’অর নিয়ে পুরস্কার নির্বাচনের প্রসঙ্গেও রোমেরো উদ্বেগ জানান এবং বললেন, “এখন পুরস্কারটা কিছুটা বিপণননির্ভর হয়ে গেছে। সম্ভবত যার ইনস্টাগ্রামে অনুসারী বেশি, তাকেই দেওয়া হবে, হা হা! আগে গ্যালারিতে বসে একটি ম্যাচ দেখলেই বোঝা যেত, লিও কী করছে। তার সঙ্গে কারও তুলনাই হতো না। সে কারণেই সে সর্বকালের সেরা।”
রোমেরো বলেন, “সাম্প্রতিক সময়ে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে, যে চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ্বকাপ জিতবে, পুরস্কারটাও তার পাওয়া উচিত। কিন্তু মেসি মাঠে যা করে এবং যে প্রভাব তৈরি করে, অন্য কাউকে তা করতে আমি দেখিনি।” প্রশ্ন করা হলে কাকে পুরস্কার দেওয়া উচিত—রোমেরো সরাসরি বলেন, “মেসিকেই। যদিও সেটা সম্ভব নয়, তবুও আমি তাকেই দেব।”








